শরীয়তপুরের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৬ জন সফল উদ্যোক্তাকে কৃষি সম্মাননা দেওয়া হয়েছে।
এসডিএস-এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এসডিএস প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের মোট ছয়জন সফল খামারিকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
প্রতিটি খামারিকে সম্মাননা স্মারক হিসেবে একটি করে ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএস-এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ আতিকুর রহমান মিঞা, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএস-এর কৃষি ইউনিটের সমন্বয়ক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা, সহকারী কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এই সম্মাননা প্রদানের মাধ্যমে সফল খামারিদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয় এবং তাঁদের ভবিষ্যত কর্মকাণ্ডে আরও উৎসাহিত করা হয়।