শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিকল্প কর্মসংস্থানের জন্য নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ জুন সকাল ১০টায় নড়িয়া উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫ জন মৎস্যজীবী পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৭৫ জন জেলের মাঝে গরুর এই বকনা বাছুর বিতরণ করেন।
নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন মৃধার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।
এ ছাড়াও বকনা বাছুর বিতরণ কালে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক আহমেদ সহ উপকারভোগী জেলে ও সংশ্লিষ্ট দফতরের অন্যান্য কর্মকর্তাগণ।
সুবিধাভোগী জেলেরা বলেন, এ বকনা বাছুর লালন পালন করে আর্থিকভাবে লাভবান হবেন। মৎস্য দপ্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এ উদ্যোগের জন্য বিশেষ কৃতজ্ঞতা জানান তারা।