আজ , , ,

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘোষণা, বিলুপ্তির দাবিতে একাংশের বিক্ষোভ

অদক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক ব্যর্থতার অভিযোগ তুলে শরীয়তপুর জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টার দিকে জেলা শহরের পুলিশ ট্রাফিক বক্সের সামনে সড়ক অবরোধ করে তারা ঝাড়ু মিছিল শুরু করেন। পরে মিছিলটি শহরের কোর্ট চত্বর হয়ে শরীয়তপুর সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, নতুন কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে, যা ছাত্রদলের ভাবমূর্তি ও সাংগঠনিক ঐক্যকে হুমকির মুখে ফেলেছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
এ সময় ছাত্রদল নেতা পারভেজ খান বলেন, ছাত্রদলের যে নতুন কমিটি গঠন করা হয়েছে, তা গঠনতন্ত্র অনুযায়ী হয়নি। যিনি যুবদলের প্রার্থী ছিলেন এবং দুই সন্তানের পিতা, তিনি কিভাবে ছাত্রদলের কমিটিতে আসতে পারেন? এটি গঠনতন্ত্র ও নৈতিকতার চরম লঙ্ঘন। আমরা এই অনিয়মিত ও অগঠনতান্ত্রিক কমিটির বিলুপ্তি দাবি করছি। সেই সঙ্গে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে একটি নতুন কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি।
এসময় ছাত্রদল নেতা তাহসান আহমেদ ইমাম বলেন, গত চার বছর আগের নেতারাই আবার নতুন কমিটিতে জায়গা পেয়েছেন। যারা এখন যুবদলের প্রার্থী, তারা কিভাবে ছাত্রদলের নেতৃত্বে আসেন? তাহলে আওয়ামী দমন-পীড়নের সময় যারা ছাত্রদলের পতাকা নিয়ে মাঠে ছিল, তাদের মূল্যায়ন কোথায়? বিশেষ করে ৫ আগস্টের আগে যারা রক্ত দিয়েছেন, তাদের প্রতি অবিচার করা হয়েছে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যারা শরীয়তপুরে দুর্দিনে মিছিল-মিটিং করেছে, তাদের বাদ দেওয়া হয়েছে। তাই আমরা বিলম্বে হলেও এই অগঠনতান্ত্রিক কমিটির বিলুপ্তি এবং ত্যাগীদের নিয়ে নতুন কমিটির দাবি জানাই।
একই দিন সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে এইচ.এম. জাকিরকে আহ্বায়ক এবং মোঃ সোহেল তালুকদারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ছাত্রদলের আহবায়ক কমিটির আহবায়ক এইচএম জাকির বলেন, দীর্ঘ চার বছর জেলায় ছাত্রদলের কমিটি ছিল না। সংগঠনটির অচলাবস্থা কাটানোর জন্য, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ইউনিটের কমিটি গঠন ও জেলা কমিটির সম্মেলন করে নতুন কমিটি গঠন করার জন্য আমাদের দায়িত্ব দেয়া হয়েছে। দীর্ঘদিন পর কমিটি ঘোষনা দেয়ায় অনেকে কাঙ্খিত পদে যেতে পারেননি। তারাই ক্ষুব্দ ও অভিমান করে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ছাত্রদলের কমিটি ঘোষনাকে কেন্দ্র করে একটি পক্ষ সড়কে বিক্ষোভ করার পর সড়কের ওপর বসে পরেছিল। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar