মাদারীপুরের শিবচরে প্রাইভেটকারে করে ইয়াবা বহনের সময় জুয়েল ফরাজী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল ফরাজী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়ার হাটবাজার গ্রামের আজিজুল হকের ছেলে।
শিবচর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৩-০৭৫৩) থামিয়ে তল্লাশি করলে গাড়ির ভেতরে থাকা জুয়েলের কাছ থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জুয়েল ফরাজীকে আটক করে মাদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাহাজান মিয়া বলেন, ‘রাতে অভিযান চালিয়ে একজনকে ৬৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’