শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৭ মাস পরেও তার নাম লেখা বস্তায় বিতরণ করা হচ্ছে ভিজিএফ এর চাল।
শরীয়তপুর জেলার জাটকা জেলেদের নামে বরাদ্দকৃত ৩০ কেজি ওজনের চালে বস্তায় লেখা রয়েছে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দের্শ”। এ শ্লোগান লেখা বিতরণের জন্য খাদ্য বিভাগের কর্মকর্তাদের এহেন কাজে জেলা ব্যাপি বইছে সমালোচনার ঝড়।
সরেজমিনে গিয়ে ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, জাজিরা, নড়িয়া ও গোসাইরহাট উপজেলার ১৫ হাজার ৪৪৬ জন নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। ঐ চালের ৩০ কেজি ওজনের বস্তা গুলোতে এ লেখা দেখতে পাওয়া যায়। গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা বস্তায় কালো স্প্রে দিয়ে লেখাটি ঢেকে দেয়ার চেষ্টা করা হলেও অনেক জায়গায় তা স্পষ্ট ছিল।
এ বিষয়ে কোদালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন খান বলেন, খাদ্যগুদাম থেকে চাল বিতরণের আগে কিছু বস্তায় লেখা কালো রং দিয়ে মুছে দিলেও অধিকাংশ বস্তায় লেখা রয়ে গেছে।
শরীয়তপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, সরকার পরিবর্তনের পরও প্রশাসনের বিভিন্ন স্তরে শেখ হাসিনার অনুসারীরা রয়ে গেছে, যারা ইচ্ছাকৃত ভাবে এসব কাজ করছে। সরকারি চাল জনগণের ট্যাক্সের টাকায় কেনা হয়, তাই বস্তায় ব্যক্তিগত প্রচার মেনে নেয়া যায়না।
শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির জানান, বস্তাগুলো বিগত সরকারের সময় কেনা হয়েছিল এবং সেই সময়ের নির্দেশনা অনুযায়ী নাম লেখা ছিল। বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী আমরা নাম মুছে দেওয়ার চেষ্টা করছি, তবে কিছু বস্তায় আমাদের অজানতে লেখা রয়ে গেছে। ভবিষ্যতে এ ধরণের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।