আজ , , ,

গোসাইরহাটে মেঘনা নদী থেকে এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মসুরগাঁও এলাকার মেঘনা নদী থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয়ের ওই দুজনের একজন নারী আনুমানিক বয়স ৩০ বছর ও আরেকজন ৪-৫ বছরের কন্যা শিশু। মঙ্গলবার সকাল ১০ টার দিকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে গোসাইরহাট থানার পুলিশ।
গোসাইরহাট থানা সূত্র জানায়, গোসাইরহাট উপজেলার ওপর দিয়ে মেঘনা নদী প্রবাহিত হয়েছে। ওই নদী দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের পণ্যবাহী ও যাত্রীবাহী নৌযান ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও চাঁদপুরে যাতায়াত করে। মঙ্গলবার সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মসুরগাঁও এলাকায় মেঘনা নদীর তীরে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় জেলেরা বিষয়টি গোসাইরহাট থানার পুলিশকে জানান।
গোসাইরহাট থানার উপ পরিদর্শক মাহাবুবুর রহমান সকাল ১০টার দিকে মসুরগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেছেন। তবে ওই নারী ও শিশুর লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
গোসারহাট থানার উপ পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধারের পর আমরা আশপাশের এলাকায় মাইকিং করেছি, খোঁজ নিয়েছি। কিন্তু কেউ ওই নারী ও শিশুর পরিচয় বলতে পারেননি। নারীর মরদেহটি নদীর তীরে পানির কাছে পাওয়া গেছে আর শিশুর মরদেহটি তীর থেকে ২০০ মিটার দূরে নদীর মধ্যে পাওয়া গেছে।
গোসারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, মেঘনা নদীর যে স্থানে একজন নারী ও একজন শিশুর লাশ পাওয়া গেছে সেখান দিয়ে দক্ষিণাঞ্চলের নানা ধরণের নৌযান চলাচল করে। কোন নৌযান থেকে ওই দুই ব্যক্তিকে হয় নদীতে ফেলে দেয়া হয়েছে অথবা তারা নদীতে পড়ে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমাদের ধারণা ওই নারী ও শিশু সম্পর্কে মা মেয়ে হতে পারেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar