শরীয়তপুর জাজিরা উপজেলায় তারুণ্যের উৎসব-২৫ উদযাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদের সভাকক্ষে, জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শ্যামল কৃষ্ণ মালাকার, উপজেলা প্রকৌশলী ইমন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন অফিসার আলমগীর হোসেন শাহ, যুব একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো: নুর জামান সহ জাজিরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের আলোচকরা তারুণ্যের সৃজনশীল শক্তিকে দেশের উন্নয়নে কার্যকর ভাবে কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তরুণদের দৃষ্টিভঙ্গি এবং ভূমিকার ওপর জোর দেন।
আলোচকরা আরো বলেন, এই কর্মশালার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং তাদের মাঝে দেশপ্রেম, নেতৃত্ব ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো।
এ ধরণের উদ্যোগ তরুণদের আরও উৎসাহিত করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।