শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের দ্বিতীয় তলায় তার শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শরীয়তপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১টার সময় জাজিরা থানা ওসি (তদন্ত) আমাকে বিষয়টি অবগত করে। সাথে সাথে আমি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন সহ ম্যাজিস্ট্রেট নিয়ে ঘটনাস্থলে যাই। আমাদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে সুরত হাল প্রতিবেদন তৈরা করা হয়। পরবর্তীতে ময়না তদন্ত ও ফরেন্সিক পরীক্ষার জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিশেষজ্ঞ টিম মরদেহ পরীক্ষা করে প্রতিবেদন দিবেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।