কক্সবাজার জেলার চকরিয়ায় ছুরির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ গেল এক যুবকের। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জাকের হোসেন (২০)। তিনি ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছয়াকুড়িটিক্কা গ্রামের সাতঘর পাড়ার মাছ ব্যবসায়ী আবদুল কাদেরের ছেলে। স্থানীয় কলিম উল্লাহ জানান, পাশের তিন নং ওয়ার্ডের হেতালিয়া গ্রামের একদল কিশোর গ্যাং সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় জাকের হোসেনের উপর। এই সময় সন্ত্রাসী দল চারিদিক থেকে ঘিরে জাকের হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে।
নিহতের পিতা আবদুল কাদের বলেন, আমার পরিবারের সদস্যদের সঙ্গে বাইরের কারোর সঙ্গে কোন বিষয়ে বিরোধ ছিলনা। কেন তারা আমার ছেলেকে হত্যা করেছে তা বলতে পারছিনা।
এই ব্যাপারে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইয়াছিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে। এখনও ঘটনার সাথে জড়িত এমন কাউকে আটক করা হয়নি।