শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেছেন, তরুনদের মধ্যে দেশপ্রেম, মূল্যবোধ, সততা ও নৈতিকতা জাগ্রত করতে হবে। দেশের উন্নয়নে তাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারে সেজন্য রাষ্ট্র পরিচালনা নীতি তৈরীতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি মঙ্গলবার (৩ ডিসেম্বর) জেলা তথ্য অফিসের উদ্যোগে শরীয়তপুরে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সকাল ১১ টায় শরীয়তপুর সরকারি কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: নজরুল ইসলাম (পিপিএম-সেবা), শরীয়তপুর সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণে দিগন্ত উন্মোচন হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতার পর এখন সময় এসেছে নতুন করে রাষ্ট্রকে গঠন করার। যেখানে কোন বৈষম্য থাকবেনা, মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবেনা, মানুষের বাক স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা, সামাজিক সুবিচার ও মৌলিক মানবাধিকার থাকবে। তরুণ জনগোষ্ঠীকে শিক্ষা-দীক্ষা ও প্রশিক্ষণে দক্ষ করে বাংলাদেশে বিদ্যমান ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। রাষ্ট্র পরিচালনায় তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। তরুণরা যাতে তাদের আশা-আকাংক্ষা, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারে সেজন্য রাষ্ট্র পরিচালনা নীতি তৈরীতে তাদের অংশগ্রহণ করতে হবে। এজন্য তরুণদের মাদকের ভয়াবহতা, কিশোর গ্যাং ও সন্ত্রাসবাদের মতো অনাচার থেকে তাদের দূরে থাকতে হবে। এসব সমস্যা সমাধানে তাদের মধে দেশপ্রেম, মূল্যবোধ, সততা ও নৈতিকতা জাগ্রত করতে হবে।