২১ শে অগাস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের দেয়া রায়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেই সাথে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান সহ মামলার সব আসামিদের মুক্তি দেয়া হয়েছে। সেই সংবাদে শরীয়তপুরে আনন্দ মিছিল করেছে শরীয়তপুর সদর উপজেলা বিএনপি।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে শিল্পকলা মাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোট এলাকায় শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যা, সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী প্রমূখ। এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে নেতৃবৃন্দরা বলেন, বিএনপি স্বচ্ছ রাজনীতি করে তা হাই কোর্টের রায়ে প্রমানিত হয়েছে। তারেক রহমান সহ লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে আওয়ামীলীগ যে মামলা দিয়েছে তার সবই মিথ্যা ও বানোয়াট। আদালতে সেই সকল মামলা মিথ্যা প্রমানিত হবে। তারা আরো বলেন, আওয়ামীলীগ যে মিথ্যাচার করেছে তাই তারা আর কোনদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।