আজ , , ,

শিবচরে ইসকনের নামহট্ট মন্দির গুটিয়ে নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম স্থানীয়দের

মাদারীপুরের শিবচরে ইসকনের নামহট্ট মন্দিরের সাইনবোর্ড খুলে ফেলেছে স্থানীয়রা। বুধবার ২৭ নভেম্বর সকালে শিবচর পৌরসভার টিএনটি রোড এলাকার সোনালী মার্কেটে অবস্থিত ইসকন অনুমোদিত শ্রী শ্রী রাধারমন নামহট্ট মন্দিরের সাইনবোর্ড খুলে ফেলে। পরে দুপুর ১২ টায় স্থানীয়রা ইসকনের নামহট্ট মন্দিরের অফিসে গিয়ে ইসকনের শিবচর শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্য কানাই দাসসহ ৩ জন ভক্তকে (সদস্যকে) নামহট্ট গুটিয়ে নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এবং খুব দ্রুত অফিস থেকে বের হয়ে যেতে বলেন। পরে তারা মন্দির ও অফিসের সবগুলো কক্ষে তালা দিয়ে বের হয়ে যান।
এ ব্যাপারে মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন রাত ১১ টায় মুঠোফোনে বলেন, শিবচর পৌরসভার টিএনটি রোড এলাকার সোনালী মার্কেটে ইসকন নামের একটি ধর্মীয় সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, স্থানীয়রা তাদের সাইনবোর্ড খুলে নিয়েছে। বুধবার দুপুরে সেখানে (নামহট্টে) তিনজন সদস্য ছিল। পরে আজকে তাদের অফিসে গিয়ে স্থানীয়রা (হুজুররা) ওই সদস্যদের বলেন আপনারা এখান থেকে চলে যান। পরে সদস্যরা তাদের অফিসে তালা মেরে চলে যায়।
ইসকন সদস্যরা কোন নিরাপত্তা চেয়ে আপনাদের কাছে নিরাপত্তা দাবি করেছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, এই বিষয় কেউ কোন নিরাপত্তা দাবি করেননি বা কোন অভিযোগ করেননি। যদি অভিযোগ করেন আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
ইসকনের শিবচর শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রভু কানাই দাস রাত ১০ টা ৫৫ মিনিটে মুঠোফোনে বলেন, বুধবার বেলা ১২টার দিকে কয়েকজন স্থানীয়রা এসে আমাদেরকে বলেছেন খুব দ্রুত অফিস বন্ধ করে চলে যেতে। আমরা অফিস বন্ধ করে চলে এসেছি। এর বেশি কিছু বলতে চাই না। আর কাউকে বলেও কোন লাভ নেই। যাদের কথা বলার ছিল তারা কিছুই বলেননি। সারাদিন অনেক ধকল গেছে। এই মুহূর্তে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছি। যদি বিস্তারিত কিছু জানার থাকে আমি নিজেই আপনাকে ফোন করব। এভাবে কথা বলার জন্য দুঃখিত।
এই বিষয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ মাদারীপুরের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ গণমাধ্যম কর্মীদের বলেন, শিবচরে ইসকনের নামহট্ট রয়েছে, সেখানে তাদের ভক্তরা থাকেন এবং বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই নামহট্ট বন্ধসহ সদস্যদের স্থায়ীভাবে এখান থেকে চলে যেতে হবে। তা না হলে কঠোরভাবে আলেম সমাজ মোকাবেলা ও প্রতিরোধ করবে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar