শরীয়তপুর জাজিরা উপজেলার বাবুর চর সংলগ্ন পদ্মা নদীতে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুরু হয়ে ১৬ নভেম্বর রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ অভিযান। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে চলা যৌথ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলায়মান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযানে পুলিশ ও আনসার বাহিনী যৌথভাবে সহযোগিতা করেন।
অভিযানে ২টি কাটার ড্রেজারের ইঞ্জিন অকেজো করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৭ জনকে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ অভিযান পরিচালনার মাধ্যমে প্রশাসন অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষা এবং নদী ভাঙন প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।