কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে।
আটককৃতরা হলেন-সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী মো. আলমগীর মীর। আটক দুই বনদস্যু খুলনার দাকোপ উপজেলার সুতারখালি গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ১টি অবৈধ অস্ত্র মামলা ও ২টি ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর মঙ্গলবার রাত ১টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি বেইস মোংলার একটি আভিযানিক দল সুন্দরবনের ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা এবং তার সহযোগী আলমগীর মীরকে ২টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল বলে জানা যায়।
পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ আটক দুই বনদস্যুকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর করা হয়।