শরীয়তপুরের গোসাইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য- ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে, একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইকবাল কবির এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. আজাদ মিয়া, গোসাইরহাট ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আবুল বাশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকগণ।
বক্তারা বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।
পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস স্টেশন অফিসারের নেতৃত্বে অগ্নিকাণ্ড, ভূমিকম্প বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।