বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেছেন, শুধু মুখে মুখে নয়, সকল প্রয়োজনে বিএনপির নেতা কর্মীরা মানুষের পাশে থাকে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় শরীয়তপুরের বিভিন্ন মন্ডপ পরির্দশনকালে এসব কথা বলেন।
শফিকুর রহমান কিরণ বলেন, আমি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। আমাদের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে পাহাড়ায় থেকে নিরাপত্তায় দায়িত্ব পালন করেছে। আমি নিজেও সার্বক্ষণিক মনিটরিং করছি কোথাও কোন সমস্যা হচ্ছে কিনা।
তিনি আরো বলেন, আমি নড়িয়া উপজেলায় ৩৩টি ও সখিপুর থানায় ২টি মোট ৩৫টি পূজামণ্ডপের কমিটির সাথে সব সময় যোগাযোগ রেখেছি। এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিসর্জন দেওয়ার আগ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের নিয়ে আমি হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকবো।
১২ অক্টোবর শনিবার রাতে নড়িয়া উপজেলা ও সখিপুর থানার পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
শফিকুর রহমান কিরণ বলেন, পূজামণ্ডপে ঘুরে দেখলাম ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে হিন্দু-মুসলমান মিলেমিশে আনন্দ উৎস করছে। বিগত বছরের চেয়ে এ বছর তারা আরো ভালোভাবে তাদের উৎসব পালন করছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে জেনেছি, তারা (হিন্দুরা) নির্ভয়ে তাদের উৎসব পালন করে যাচ্ছেন। আমি তাদের উপহার দিয়েছি। আমরা বিশ্বাস করি অতিতের সকল গ্লানী ভুলে আগামীতে আমরা এক সাথে কাজ করে নতুন বাংলাদেশ নির্মাণ করবো।