শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা বলেছেন এবার হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্বারদীয় দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপুর্ণ করতে মাঠে পুলিশ তৎপর থাকবে। সেই অতিতের ন্যায় এবারও শরীয়তপুরের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এ উৎস আনন্দ মুখর হবে।
এ সময় পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ফোনের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অমূলক ঘটনা বা গুজব সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেন। এ ধরণের পরিস্থিতি সৃষ্টি হলে সাথে সাথে পুলিশকে জানাতে হবে।
পূজামণ্ডপে আশা নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করা, পূজামণ্ডপে কোনো ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকার পাশাপাশি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করার নির্দেশনা দেন।
পুলিশ সুপার সোমবার (৭ অক্টোবর) শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া কালি মন্দির ও মনোহার বাজার শ্রী শ্রী হরিঠাকুর মন্দির পরিদর্শন কালে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপ কালে এ আহবান জানান। এ সময় পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দীন, পূজা উদযাপন পরিষদের নেতা মনোমথ কুমার দাস বক্তব্য রাখেন।
পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম আরো বলেন, পূজা মণ্ডপ এবং প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও স্ট্যান্ডবাই জেনারেটর অথবা হ্যাজাক লাইটের ব্যবস্থা রাখার পাশাপাশি পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকতে হবে ।
পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও স্বেচ্ছাসেবক লিখিত আর্মড ব্যান্ড প্রদান করাসহ প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার নির্ধারিত রুট ব্যবহার করবেন।