শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মিন্টু সিকদার, শিধলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ।
আলোচনা সভায় নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বেগম সেতু বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সরকারের একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। এ সুযোগ সকলের গ্রহণ করা একান্ত দরকার। চাকরী সহ সরকারের সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক।
কোন শিশু জন্ম গ্রহণ করলে তার জন্মনিবন্ধন বাধ্যতামূলক এবং এলাকায় কোন লোক মারা গেলে তার তথ্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে লিপিবদ্ধ করে সনদ গ্রহণ করতে হবে। সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করছে। তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সকলকে এক যোগে করতে হবে।