শরীয়তপুর জেলায় বিশ্ব শিক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুদ্দিন গিয়াস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার মো: আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ আসিফ হায়দার, নুরুল আম্বিয়া আলাউল, সুদীপ্ত ঘোষ। এসময় বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষকগণ বক্তব্য রাখেন।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুদ্দিন গিয়াস বলেন, ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভূক্ত প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য প্রতি বছর ৫ অক্টোবর দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এবার সরকারি ভাবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে।
তিনি আরো বলেন, আদর্শ জাতি গঠনের মহান কারিগর শিক্ষকরা সর্বদা জ্ঞান ও প্রজ্ঞার আলোকবর্তিকা হিসেবে নিবেদিত প্রাণ। শিক্ষকরা সমাজের বাতিঘর এবং সুনাগরিক গড়ার প্রধান প্রকৌশলী। শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে। শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার আচার-আচরণের গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে দেওয়াও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে।