দেশের পৌরসভার মেয়রদের অপসারণের পর প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। ২৬ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রজ্ঞাপনের আলোকে, বুধবার (২-অক্টোবর) আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি পৌরসভার কার্যক্রম পরিচালনা করবে। এ কমিটির বাকি সদস্যরা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রকৌশলী মো. ইমন মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর শাহ ও (ভারপ্রাপ) প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম।
নতুন প্রশাসক দায়িত্ব নিয়ে প্রথমেই এডিস মশা নিধনের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও স্থানীয় হাট-বাজার, হাসপাতাল ও বাসা বাড়ির বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করেন।
নতুন প্রশাসক সাদিয়া ইসলাম লুনা বলেন, পৌরবাসীর উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করব। এই কমিটির মাধ্যমে পৌরসভাকে আরও স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনা করা হবে। তিনি আরও জানান, সকলের সমন্বয়ে পৌরবাসীর জীবনমান উন্নয়নের জন্য সব ধরণের উদ্যোগ গ্রহণ করা হবে।