কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারায় যৌথবাহিনীর অভিযান চলাকালে ‘সন্ত্রাসীদের হামলায়’ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় গুলিতে গুরুতর আহত হন তানজিম ছরোয়ার নির্জন। নিহত তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন।
পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে জানানো হয়, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে যায়। আনুমানিক ভোর ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান চালানোর সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েক জনকে তাড়া করেন।
ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় বলে জানায় আইএসপিআর। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইএসপিআর জানায়, লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।
ঘটনাস্থল হতে ডাকাত দলের তিন সদস্যকেও আটক করার কথা জানিয়ে আইএসপিআর জানায়, এসময় একটি দেশীয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
দেশমাতৃকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে বলেও উল্লেখ করা হয়েছে।