জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় শরীয়তপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় জেলার আইনজীবীদের নিয়ে যক্ষ্মা বিষয়ক দিনব্যাপী নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) জেলার বেসরকারি উন্নয়ন সংগঠন এসডিএম সম্মেলন কক্ষে ব্র্যাকের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয় হয়।
উক্ত নেটওয়ার্কিং কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরাণ। ব্র্যাক জেলা সমন্বয়ক সমীর কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যক্ষ্মারোগ বিশেষজ্ঞ ডা. মোঃ ইব্রাহিম মাঝি, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবার রহমান।
এই সময় যক্ষ্মারোগ বিষয়ে মূল আলোচনা করেন ব্র্যাক লার্নিং এবং লিডারশিপের ফ্যাসিলেটর শর্মা রঞ্জন ইন্দ্রানি ও ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ডিস্ট্রিক ম্যানেজার হিমাংশু কুমার মন্ডল। অনুষ্ঠানে শরীয়তপুরের বিভিন্ন পর্যায়ের ১৫ জন আইনজীবী অংশগ্রহণ করেন।
বক্তারা শরীয়তপুর জেলার যক্ষ্মা কার্যক্রম জোরদার করণের উপর গুরুত্ব আরোপ করেন বিশেষ করে যক্ষ্মা রোগীদের বিভিন্ন ধরণের অধিকার বাস্তবায়নে বিভিন্ন ধরনের আইনী সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে আইনজীবীদের সাথে ফ্যাসিলিটেটর ও অতিথিবৃন্দ যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিষয়ে বিশ্ব ও বাংলাদেশের টিবি রোগের অবস্থা, কমিউনিটি অ্যানগেইজমেন্টসহ টিবি রোগীদের ২২টি আইনগত অধিকার নিয়ে অংশগ্রহণকারী আইনজীবীদের অবহিত করেন এবং টিবি রোগীদের সহযোগিতা ও গণসচেতনতার বিষয়টি তুলে ধরেন।