কাক ডাকা ভোরে গাইতে শাবল, কাস্তে কোদাল ও প্রয়োজনী হাতিয়ার সমেত সমবেত শত শত শ্রমিক। প্রতিদিনই তারা এসে জমায়েত করেন শ্রমবিক্রির আশায়। প্রয়োজনে মহাজন ও ঠিকাদার এসে তাদের নিয়ে যায় এখান থেকে।
তখনো পুর্ব আকাশে সূর্যের দেখা মেলেনি। ভোরের আলো ফুটতে এখনো ঢের বাকি। এরই মধ্যে নিয়তির ওপর ভর করে হাজির হয় শত শত শ্রমিক। কিছুক্ষণের মধ্যে তাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ক্রেতারা আসেন আর দরদাম করে নিয়ে যান তাদের।
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাটের এ চিত্রটি ধরাপরে আমাদের প্রতিনিধির চোখে। অথচ জানা গেলো যেখানে অন্তত ৩০ বছর ধরে চলে আসছে শ্রম বেচাকেনার এ জমজমাট হাট। প্রতিদিন শ্রমজীবীরা এখানে এসে জড়ো হন। ক্রেতা বা মহাজন এসে চুক্তি করে তাদের কাছ থেকে শ্রম কিনে নেন।
খোঁজ নিয়ে জানা যায়, জাজিরা উপজেলার কাজিরহাট বাজারের পূর্ব পাশের ঢাকা-শরীয়তপুর প্রধান সড়কজুড়ে বসে এই শ্রমজীবী মানুষের হাট। বছরের ১০ মাস প্রতিদিন এই হাটে অন্তত দেড় হাজার শ্রমজীবী মানুষ টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করেন। জেলার জাজিরা উপজেলার পাশাপাশি বিভিন্ন উপজেলা গুলো থেকে এসে কাজের প্রয়োজনে শ্রমিকদের দরদাম করে নিয়ে যাওয়া হয় এখান থেকে।