শরীয়তপুরের জাজিরার একটি গ্রামে জসিম মোল্যা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জসিম মোল্যা উপজেলার সেনেরচর মোল্যাকান্দি এলাকার আইয়ুব মোল্যার ছেলে। পুলিশ বিকাল ৪ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
জাজিরা থানা সূত্র জানায়, জাজিরা উপজেলার সেনেরচর মোল্যাকান্দি এলাকার আইয়ুব মোল্যার ছেলে জসিম মোল্যা। সে এলাকায় নানা ধরণের সন্ত্রাসী কর্মকান্ড করতো। তা নিয়ে আশপাশের এলাকার আরেকটি পক্ষের সাথে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জসিম লোকজন নিয়ে ৩টি মোটরসাইকেলে চরে তাদের গ্রাম থেকে ৫ কিলোমিটার দুরত্বের বিকেনগর এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় তারা মুন্সীকান্দি এলাকার জলিল শিকদারের বাড়ির সামনে আসলে প্রতিপক্ষের ২০ থেকে ২৫ জনের একটি দুর্বৃত্তের দল তাদের ওপর হামলা চালায়। তারা জসিম মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। জসিম মোল্যাকে কোপাতে দেখে তার সাথে থাকা লোকজন দৌড়ে পালিয়ে যায়। হত্যাকান্ড ঘটানোর সময় দুর্বৃত্তরা ৩০-৪০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনার পর মুন্সীকান্দি এলাকায় আতঙ্ক ছরিয়ে পরে।
খবর পেয়ে বিকাল ৪ টার দিকে জাজিরা থানার পুলিশ ওই এলাকায় যায়। জসিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, জসিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাকে নৃশংসভাবে কুপি হত্যা করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। কেন তারা তাকে হত্যা করেছেন তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিক ভাবে খোঁজ পেয়েছি আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।