শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এসপি বলেছেন, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নিত করেছেন। প্রতি জেলা ও উপজেলা সদরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আদলে মডেল মসজিদ নির্মাণ করেছেন। সেই সাথে একটি গ্রামে একটি করে মক্তব চালু করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
তিনি শনিবার (১৩ জুলাই) ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরভয়রা গ্রামে বাইতুর রহমান জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাহিম রাজ্জাক এমপি বলেন, স্বাধীন দেশের ধর্মীয় উগ্রবাদ নির্মূলে জাতির পিতা বঙ্গবন্ধুর সাফল্য ও তার সরকারের বড় অবদান। তিনি ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশে ইসলামের প্রকৃত পরিচর্যাকারী। পাকিস্তান আমলে হজযাত্রীদের জন্য কোনো সরকারি অনুদানের ব্যবস্থা ছিল না। বঙ্গবন্ধুই স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রথম হজযাত্রীদের জন্য সরকারি তহবিল থেকে অনুদানের ব্যবস্থা করেন এবং হজ ভ্রমণ কর বাতিল করেন।
ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা ‘কওমি জননী’ উপাধী প্রাপ্ত জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদান ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার সরকার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে। দেশব্যাপী ১০ হাজার কেটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে যা নজিরবিহীন। এই করোনাকালে মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনদের জন্য ৫ হাজার কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। এজন্যই দেশের মানুষ তার এমন ইসলাম অনুরাগী নেত্রী ও সরকার প্রধানকে তাদের অন্তরের অন্তঃস্থলে ঠাঁই দিয়েছে।