শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় সোমবার (১ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের খরিপ-২ মৌসুমের প্রণোদনা কর্মসূচির নারিকেল চারা, উফশী আমন বীজ ধান ও সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসারের প্রশিক্ষণ মিলনায়তনে বেলা ১১টায় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাহাবউদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আবু হানিফ। ভেদরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৫২ জন নারিকেল চাষির প্রত্যেককে পাঁচটি করে মোট ১ হাজার, ২৬০টি দেশীয় জাতের উন্নতমানের নারিকেল চারা প্রদান করা হয়। এছাড়া ৫৫০ জন আমন চাষির প্রত্যেককে পাঁচ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিওপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, সরকারের ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং কৃষকদের সহায়তা করে নারিকেলের উৎপাদন ও ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই নারিকেল চারা, বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।