শরীয়তপুর জেলা পুলিশ রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে পারভেজ (২৮) নামে এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে। পারভেজ দক্ষিণ যাত্রাবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে। সে গত ১৬ জুন দুপুর ১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোংসিং গ্রামের অটোচালক কালু মালের স্ত্রী আকলিমা বেগম (৪৫) কে বটিদা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে ডাকায় চলে যায়।
ক্লুলেস এই হত্যা কান্ডের তদন্তে নামে শরীয়তপুর জেলা পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৭ দিনের মধ্যে পুলিশ হত্যাকারীকে ঢাকার ২৯৬ নং দক্ষিন যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে সিলিয়াল কিলার পারভেজ হত্যার কথা স্বীকার করেছে। এই বিষয়ে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে।
এর পূর্বে ২০১৬ সালের ২৫ জুন পলি আক্তার নামে এক নারীকে একই পদ্ধতিতে হত্যা করেছে। সেই মামলাও চলমান রয়েছে। এছাড়াও কিলার পারভেজ একাধিক মাদক, ডাকাতি ও চুরির মামলার আসামী। বুধবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো: মাহবুবুল আলম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম ও তানভির হায়দার সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো: মাহবুবুল আলম বলেন, খুনী প্রথমে তার মোবাইল ফোন বন্ধ করে ঘটনাস্থলে যায়। সেখানে আকলিমা নামে এক নারীকে খুন করে ঢাকায় চলে যায়। ২৪ ঘন্টা মোবাইল বন্ধ রাখে। শুরুতে খুনের কোন ক্লু পাওয়া যাচ্ছিল না। পুলিশ এক সপ্তাহের প্রচেষ্টায় ক্লু উদঘাটন করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী হত্যার দায় স্বীকার করেছে। আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামীর দখল থেকে রক্তমাখা কাপড় ও খুনের কাজে ব্যবহৃত বটি দা উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই আসামী একই ভাবে আরেক নারীকে হত্যা করেছে। আসামী মাদক, চুরি ও ডাকাতির সাথে জড়িত।