শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
উপজেলা চেয়ারম্যান বলেন, আমাদের দেশের উন্নয়নে শিকড় হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের উন্নয়নের উপর নির্ভর করে উপজেলা পরিষদ, জেলা পরিষদ তথা দেশ। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ওয়াদায় বলেছেন গ্রামে বসে পাবে শহরে সেবা। সেই লক্ষে তিনি কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ কাজের কারিগর হচ্ছি আমরা স্থানীয় জনপ্রতিনিধিরা।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম বলেন, স্থানীয় সম্পদ আহরণ ও সরকারি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং বাজেট প্রণয়ণে সক্ষমতা বৃদ্ধিকরণে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এ কোর্সটি সফল ভাবে সম্পন্ন করতে সমর্থ হলে জনপ্রতিনিধিরা যেমন দক্ষ হবেন। তেমনি আমাদের তৃণমূলে নাগরীক সেবার মানোন্নয়ন হবে।
প্রশিক্ষণে ভেদরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ১১৭ ওয়ার্ড সদস্য ও ৩৯ সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও উদ্যোগতাগণ এই কোর্সে অংশ নেন।