ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার এর নেতৃত্বে নৌপুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ১৮৬টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের দুলারচর থেকে উত্তর তারাবুনিয়া হয়ে দক্ষিণ তারাবুনিয়া বাশগাড়ি বাজার পর্যন্ত পদ্মা মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে উপজেলা মৎস্য অফিসার মো: নজরুল ইসলাম এর নেতৃত্বে উদ্ধার করা অবৈধ এ জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা।
উপজেলা মৎস্য অফিসার মো: নজরুল ইসলাম বলেন, চায়না দুয়ারী জাল প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে এবং মা মাছসহ বিভিন্ন মাছ ও জলজ প্রাণী ধ্বংস করে দেয়। এ জালের পরিবেশ গত ক্ষতিকর দিকসমূহের বিষয়ে জনগণকে অবগত এবং সতর্ক করা হয়েছে। চায়না দুয়ারী জাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় নৌ পুলিশের এএসআই সাইফুল ও মৎস্য দপ্তরের ওয়াকিং সুপারভাইজার ওমর সানিসহ পুলিশ সদস্য ও মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে।