শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা ইতিহাস শুনানো ও কুইজ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ মে) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়াম ভবনে সেমিনারের আয়োজনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক, উপসচিব ডঃ মোহাম্মদ নুরুল আমিন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে নতুন প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস তুলে ধরেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়ল, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ী, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনসহ প্রমুখ।