‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪’ পালন করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার এ শোভাযাত্রার উদ্বোধন করেন।
পরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু করে জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভা করেন।
জেলা ও দায়রা জজ কার্যালয় চত্বরে সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার এর সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ খালেদ মিয়া’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনালের বিচারক মোঃ সোহেল আহম্মেদ, পুলিশ সুপার মোঃ মাহাবুবুল আলম পিপিএম, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরাণ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট চাঁদনী রূপম, বেসরকারি কারা পরির্দশক ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, জিপি আলহাজ্ব আলমগীর মুন্সী, পিপি মির্জা হজরত আলী, আইনজীবী সমিতির সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
বক্তব্য রাখেন, সুবিধা ভোগী নড়িয়া উপজেলার মৌসুমী আক্তার, ভেদরগঞ্জ উপজেলা সখিপুরের ইমরান হোসেন, প্যানেল আইজীবী শ্রেষ্ঠ আসাদুল ইসলাম শুভ্র, তাপসী সিকদার।
শোভাযাত্রায় শরীয়তপুর আইনজীবী সমিতি ও আদালতের কর্মচারীরা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, আইনজীবীগণ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীগণ, ক্লায়েন্ট, আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিও গুলোর প্রতিনিধিরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার বলেন, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনী সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। দেশের সাধারণ জনগণকে সরকারি আইনী সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সব জেলার মতো শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪’ পালন করছে। এ সময় তিনি আরো বলেন, লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সম্পর্কে জনগণকে যত বেশী জানানো যাবে জাতি তত বেশী উপকৃত হবে।
এ ছাড়া দিবসটি উপলক্ষে শরীয়তপুর জেলা আইনগত সহায়তা কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস নানা কর্মসূচির আয়োজন করেছে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে লিগ্যাল এইড মেলা, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান, ধন্যবাদ জ্ঞাপন।