শরীয়তপুরের গোসাইরহাটে ১৬০ কেজি জাটকা ইলিশসহ একটি ট্রলার জব্দ করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (৩০ মার্চ) সকালে জয়ন্তী নদী দিয়ে যাওয়ার সময় ঋষি বাড়ীর সামনে থেকে এ মাছ জব্দ করে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ।
জানা যায়, উপজেলার সাতপাড় মৎস্য আড়ৎ থেকে ট্রলার দিয়ে জাটকা ইলিশ নিয়ে ডামুড্যা এলাকায় যাচ্ছে সংবাদের ভিত্তিতে সকালে জয়ন্তী নদিতে অভিযান চালানো হয়। এসময় একটি ট্রলার থেকে ১৬০ কেজি জাটকা ইলিশ ও ট্রলার জব্দ করা হয়। অবৈধ ভাবে এসব জাটকা মাছ গুলো ঢাকায় পাচার হচ্ছিলো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে জাটকা ইলিশ পরিবহনের সময় ট্রলারসহ জাটকা মাছ জব্দ করা হয়। পরিবহন করা ট্রলারটি জব্দ তালিকায় রাখা হয়েছে। পরে মাছ গুলি সিরাজউদ্দিন এতিমখানাসহ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।