শরীয়তপুরের সখিপুর থানাধীন দুর্গম চরাঞ্চল কাঁচিকাটা ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনের নামে সখিপুর থানায় মামলা করেন। পরে তার প্রতিপক্ষ পরাজিত প্রার্থী কামরুল ইসলাম হাওলাদার পাল্টা মামলা করেন। কামরুল ইসলাম হাওলাদারের মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামী করা হয়। ফলে পুরো কাঁচিকাটা ইউনিয়ন পুরুষশূণ্য হয়ে পড়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহত অবস্থায় উভয় গ্রুপের ১৮ থেকে ২০ জন চাঁদপুর, মুন্সীগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, গত ২৭ মার্চ পদ্মা নদীতে মাছ ধরা ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে চেয়ারম্যান নুরুল আমিন এবং পরাজিত চেয়ারম্যান কামরুল হাওলাদার ও কাউসার মোল্যার সমর্থকদের মাঝে ব্যাপক মারামারি ও সংঘর্ষ হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, উভয়পক্ষ মামলা করেছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।