মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোংলার দিগরাজ নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা তুরাগ এবং বিসিজি বেইসে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মুনসুর আলী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।
জানা গেছে, মহান স্বাধীনতা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোংলা নেভাল বার্থে নৌবাহিনীর জাহাজ বানৌজা তুরাগ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ওইদিন দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে নৌবাহিনীর জাহাজ বানৌজা তুরাগ পরিদর্শন করতে পারবেন।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিগরাজ বিসিজি বেইসে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মুনসুর আলী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। ওইদিন দর্শনার্থীরা কোস্টগার্ডের জাহাজ পরিদর্শন করতে পারবেন এবং গভীর সমুদ্র এলাকার নিরাপত্তায় কোস্টগার্ড বাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারনা নিতে পারবেন। একইদিনে কোস্টগার্ড স্টেশন রুপসায় বিসিজিএস তানভীর জাহাজটি ঘুরে দেখার সুযোগ পাবেন খুলনা ও রুপসা এলাকার দর্শনার্থীরা।
এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলা নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী পরিচালিত নৌপরিবার শিশু নিকেতন ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।