শরীয়তপুর জেলা প্রতিষ্ঠাসহ জেলার সার্বিক উন্নয়ন ও কল্যানে নিবেদিত প্রাণ বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিক ও লেখক আলহাজ্ব আজিজুল হক মল্লিক আর নেই। মঙ্গলবার (২০ মার্চ) দুপুর ১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শের সৈনিক, জাতীয় বীর সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠ সহচর, শিক্ষা ও সমাজ উন্নয়নে আজীবন কাজ করে গেছেন তিনি।
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মনুয়া গ্রামে জন্ম নেয়া আলহাজ্ব আজিজুল হক মল্লিক, সমাজ সেবায় অবদান রাখায় রাষ্ট্রীয় সম্মাননা লাভ করেন।
শরীয়তপুর অঞ্চলে মহকুমা গঠনে তার ছিল বিশেষ ভূমিকা । তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং জাতীয় নেতা মরহুম আব্দুর রাজ্জাকের আস্থাভাজন ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত মহিষারে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও অবিভক্ত ভেদরগঞ্জ উপজেলার জন্য কাজ করে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব, যুগান্তর সাংবাদিক মুজাম্মেল হক চঞ্চল, সাংবাদিক নেতা রফিকুল ইসলাম আজাদ।
আজ জন্মস্থান শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মনুয়া ঈদগাঁহ মাঠে নামাজে জানাযার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।