শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় শিশু সমাবেশ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এসময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গোসাইরহাট পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, সরকারী-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।
পরে সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোসাইরহাটের উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুস্পেন দেবনাথ, গোসাইরহাট পৌরসভার মেয়র আঃ আউয়াল সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু সরদার, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম লিটন দেওয়ান, কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম মিজানুর রহমান, গোসাইরহাট উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, ইদিলপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক উজ্জল মাতুব্বর, শিক্ষার্থী সানজিদা আক্তার, ফারহান আঃ মুহিন, তাখনুন হোসেন তাহান প্রমুখ।
দিবসটির বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, দেয়ালিকার মাধ্যমে শিশুর ভাবনা প্রকাশ, মিলাদ ও দোয়া, বিশেষ প্রার্থনা, বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক ও ডকুমেন্টারি প্রদর্শনী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনিরুজ্জামান মনা দেওয়ান।