মূল্য তালিকা প্রদর্শন না করে প্রতি কেজি খেজুর ৮০ থেকে ১০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করায় ৯ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রমজানে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। বিষয়টি বিবেচনায় নিয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ জেলার বিভিন্ন বাজারে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন। এ অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে সদর উপজেলার আংগারিয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দেখা যায়, ব্যবসায়ীরা প্রতি কেজি খেজুর ৮০ থেকে ১০০ টাকা বেশি মূল্যে বিক্রি করছেন। এছাড়াও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছেনা। পরে ভ্রাম্যমাণ আদালত জাহিদ ফল বিতান, জয়ন্ত টেড্রার্সসহ ৯ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন না করে জিনিসপত্রের দাম বাড়িয়ে বিক্রি করে। নিয়মিত অভিযানের সময় আংগারিয়া বাজারে ৯ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান নিয়মিত চলবে।