শরীয়তপুরের ডামুড্যায় টিফিনের টাকায় শ্রমজীবী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলেন কোমলমতি শিশু শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ মার্চ) ইফতারের আগ মুহূর্তে ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা এ আয়োজন করে। ইফতারের পূর্বে ডামুড্যা বাজারে প্রায় অর্ধশত শ্রমজীবী ও অসহায়দের মাঝে ছোট ছোট শিক্ষার্থীরা ইফতার সামগ্রী পৌঁছে দেয়।
ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাদীন, রাইয়্যান, সাফফাত ও আবিদ পরিকল্পনা করে নিজেদের টিফিনের টাকা জমিয়ে রমজানের প্রথম দিনেই দরিদ্র রিক্সা চালক, অটোচালক ও অসহায়দের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেন। তাদের এ জনহিতকর কাজ এলাকার সকল শ্রেনীর মানুষের নিকট প্রশংসা কুড়িয়েছে।
এ বিষয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাদীন মাদবর বলেন, রিক্সা চালক ও অসহায়রা টাকা দিয়ে ইফতার কিনে খেতে পারেনা তাই তাদের জন্য আমরা আমাদের টিফিনের টাকা জমিয়ে ইফতার তৈরি করে নিয়ে এসেছি। তাদেরকে ইফতার দিতে পেরে আমাদের খুব আনন্দ লাগছে।
কুলকুড়ি খেজুর তলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আক্তার পারভেজ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের এমন সুন্দর মানবিক আয়োজন আমাকে মুগ্ধ করেছে। তারা অতিমানবিকতার পরিচয় দিয়েছে। তারা বুঝিয়ে দিল ভালো কাজের জন্য বয়স লাগে না, শুধু মন ও ইচ্ছা থাকলেই হয়।
এ বিষয়ে ডামুড্যা পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল বলেন, ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের এমন মানবিক কাজে আমি আবেগাপ্লুত। এদের মধ্যে থেকেই আগামীর নতুন মানবিক প্রজন্ম গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।