শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে নিকটতম প্রার্থীর চেয়ে ১ লক্ষ ৫২ হাজার ৮৪ ভোট বেশী পেয়ে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় বীর সাবেক মন্ত্রী মরহুম আব্দুর রাজ্জাক এর পুত্র আলহাজ্ব নাহিম রাজ্জাক।
রোববার রাত সারে ১২ টায় জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মাদ নিজাম উদ্দীন আহাম্মেদ এ ফলাফল ঘোষণা করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বেসরকারি ফলাফলে জয়ী নৌকা প্রতিকের প্রার্থী নাহিম রাজ্জাক। তিনি পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ২৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকের মো. আব্দুল হান্নান পেয়েছেন ৪ হাজার ৪১৯ ভোট।
এ দিন সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪ টায়। এরপরে কেন্দ্রে কেন্দ্রে ভোট গননা শেষে উপজেলায় ও পরে ফলাফল আসতে থাকে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে। কেন্দ্রের ফল গণনা শেষে রাত সারে ১২ টার দিকে রির্টানিং অফিসার বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন।
শরীয়তপুর-৩ আসনে মোট ভোটার তিন লাখ ১৭ হাজার ৪০৫ জন। আসনটির ১১০ ভোট কেন্দ্রের ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এর পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় বীর সাবেক মন্ত্রী মরহুম আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে শুন্য হওয়া এ আসনে উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দশম সংসদেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একাদশ সংসদে তিনি বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নূরুদ্দিন অপুকে দুই লক্ষাধিক ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। চতুর্থ বারেও তিনি তার জনপ্রিয়তা ধরে রেখে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন তিনি।
১৯৮১ সালের ৭ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন নাহিম রাজ্জাক। তার শিক্ষা জীবন শুরু হয় গভঃ ল্যাবরেটরী স্কুল, ঢাকা থেকে। পরে তিনি ভারতের দার্জিলিং এ অবস্থিত এসটি পাওয়েল স্কুল থেকে ‘ও- লেভেল’ এবং আজমীরে অবস্থিত মেয়ো কলেজ থেকে ‘এ-লেভেল’ সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মিডলসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা ও বিপণন বিষয়ে (ডাবল মেজরসহ) স্নাতক ডিগ্রী অর্জন করেন। এরপর যুক্তরাজ্যের সারেতে অবস্থিত কিংস্টন বিশ্ববিদ্যালয় থেকে বিপণন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
শিক্ষা জীবন শেষ করে নাহিম যুক্তরাজ্যে মার্কেটিং বিষয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালের ২১ শে আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গ্রেনেড হামলায় তার বাবা আব্দুর রাজ্জাক (রাজনীতিবিদ) গুরুতর আহত হন। এরই প্রেক্ষিতে নাহিম যুক্তরাজ্যের কর্মজীবনে ইস্তফা দিয়ে দেশে ফিরে আসেন এবং রাজনৈতিক কাজে জড়িয়ে পড়েন। ৩ বছরের রাজনৈতিক কার্যকলাপের প্রেক্ষিতে তিনি ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পরে তার বাবা অসুস্থ হয়ে পড়লে তিনি রাজনীতির পাশাপাশি শরীয়তপুর-৩ আসনের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ২৩ ডিসেম্বর, ২০১১ সালে তার বাবার মৃত্যুর পর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মত সংসদ সদস্য হন। ৫ জানুয়ারী, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনৈতিক পরিবারে জন্মনেয়া নাহিম রাজ্জাক। তাঁর পিতা আব্দুর রাজ্জাক (রাজনীতিবিদ) ছিলেন মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আব্দুর রাজ্জাক ষাটের দশকের ছাত্র আন্দোলন ‘নিউক্লিয়াস’ এর তিনজন গঠনকালীন সদস্যের একজন এবং বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতা। মুক্তিযুদ্ধের পূর্বে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন এবং যুদ্ধের সময় তিনি স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান হিসেবে কাজ করেন।