শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পূর্ব ডামুড্যা ইউনিয়নের খাদ্য গুদামে সরকারি ভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আমন ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি ও ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ওসিএলএসডি মোঃ ছানোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে দুইজন মিলারের কাছ থেকে দুই মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ওসিএলএসডি মোঃ ছানোয়ার হোসেন জানান, এ বছর চাল ৪৪ টাকা কেজি দরে ২৩৩ মেট্রিক টন ও ধান ৩০ টাকা কেজি দরে ৫১ মেট্রিক টন সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনো রকম হয়রানি ছাড়াই কৃষকরা যাতে সহজেই গুদামে ধান সংগ্রহ করতে পারে সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।