শরীয়তপুরে কুটির শিল্প মেলা শুরু করতে ব্যস্ত রয়েছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে মেলার স্টল তৈরীর কাজ শেষ হয়েছে। নিজ নিজ স্টলে সাজশয্যাও প্রায় সমাপ্তের দিকে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের আলী আসলাম সরদারের আবেদনের প্রেক্ষিতে শরীয়তপুর ক্লাবে কুটির শিল্প মেলার অনুমতি প্রদান করা হয়েছে। ৫ ডিসেম্বর থেকে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত শরীয়তপুর ক্লাব ব্যবহার করতে পারবেন।
আয়োজক আলী আসলাম সরদার জানায়, মেলার প্রস্তুতি শেষের দিকে। মেলায় কসমেটিক্স, তৈরী পোশাক, ক্রোকারিজ, ফুচকা-চটপটি, আচারের দোকান বসবে। এছাড়াও শিশু বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন প্রকার রাইড।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও শরীয়তপুর ক্লাবের সম্পাদক জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, শরীয়তপুর ক্লাবটি দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। ক্লাবটি সচল রাখতে এবং ডিসেম্বর মাসের বিজয় মেলার অংশ হিসেবে কুটির শিল্প মেলার অনুমতি দেওয়া হয়েছে। ক্লাবটি সকল বয়সী মানুষের জন্য উন্মোক্ত রাখা হবে। মেলা শেষেও যেন ক্লাবে মানুষের সমাগম থাকে সে বিষয়ে খেয়াল রাখা হবে।