“প্রতিবন্ধি ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সামাজসেবা অধিদপ্তরের আয়োজনে রবিবার (৩ ডিসেম্বর) সকালে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা হাবিবা ইয়াসমিন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরে প্রতিবন্ধিদের মাঝে ১৫টি হুইল চেয়ার ও ৮টি শ্রবণ সহায়ক যন্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন বলেন, বিশ্বজুড়ে প্রতিবন্ধি দিবসের অনুগামিতার পিছনে আছে এক ঘটনাবহুল জীবনস্মৃতি। ১৯৫৮ খ্রিস্টাব্দের মার্চ মাসে বেলজিয়ামে এক সাংঘাতিক খনি দুর্ঘটনায় বহু মানুষ মারা যান। আহত পাঁচ সহস্রাধিক ব্যক্তি চিরজীবনের মতো প্রতিবন্ধি হয়ে পড়েন। তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাদের প্রতি সহমর্মিতায় ও পরহিতপরায়ণতায় বেশ কিছু সামাজিক সং¯’া চিকিৎসা ও পুনর্বাসনের কাজে স্বতঃপ্রবৃত্ত ভাবে এগিয়ে আসে। এর ঠিক পরের বছর জুরিখে বিশ্বের বহু সংগঠন সম্মিলিত ভাবে আন্তর্দেশীয় স্তরে এক বিশাল সম্মেলন করেন। সেখান থেকেই প্রতিবন্ধকতা সম্পর্কে বিস্তারিত সব তথ্যের হদিশ মেলে। সেখানে সর্বসম্মতভাবে প্রতিবন্ধি কল্যাণে বেশকিছু প্রস্তাব ও কর্মসূচি গৃহীত হয়। খনি দুর্ঘটনায় আহত বিপন্ন প্রতিবন্ধিদের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য বিশ্ব প্রতিবন্ধি দিবস পালন করতে আহ্বান জানানো হয়। সেই থেকেই কালক্রমে সারা পৃথিবীর প্রতিবন্ধি মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর দিন হয়ে উঠেছে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস। আমাদের দেশে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধি মানুষের জীরন মান উন্নয়নে যুগান্তকারি ভূমিকা পালন করছেন। সেই সাথে তারই কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম শিশুদের নিয়ে বিশ্বব্যপি কাজ করছেন।