ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার ২৪ অক্টোবর দুপুর পর্যন্ত উপজেলার উত্তর তারাবুনিয়া ও কাচিকাঁটা ইউনিয়নের পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ১৯ জন জেলেকে আটক, ২টি ট্রলার, প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় ৭০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৩ জনকে ১ মাস করে কারাদন্ড ও ৯ জনকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে যৌথ অভিযান চালায়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, অভিযানের ১৫ তম দিনে সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করি। তাদের মধ্যে ১৩ জনকে ১ মাস করে কারাদণ্ড, ৬ জনকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২ টি ট্রলার, প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল এবং প্রায় ৭০ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের সাজা, কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশ মাছ গুলো স্থানীয় ৬টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।