আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি নেতারা শুধু আওয়ামী লীগ নয়, দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ও সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিষোদগার করছে। উসকানির মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো ধরণের অপচেষ্টা প্রতিহত করবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার হাত ধরে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে, বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত ‘শান্তি ন্যায়বিচার ও উন্নয়নের জন্য জনগণের ক্ষমতায়ন মডেল’ জাতিসংঘ অধিবেশনে রেজুলেশন আকারে গৃহীত হয়েছে। বাংলাদেশের জনগণ বিএনপি-জামায়াত অপশক্তির সেই অন্ধকার যুগে আর কখনো ফিরে যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতির এ অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
তিনি শনিবার (৭ অক্টোবর) তার নির্বাচনী এলাকা নড়িয়া উপজেলায় এলজিইডি’র বাস্তবায়নাধীন ২ কোটি ১৭ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যয়ে ২ টি সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কালে এ কথা বলেন।
সুরেশ্বর দরবার শরীফ সংলগ্ন সুরেশ্বর দরবার শরীফ হতে জাজিরা-নড়িয়া-সুরেশ্বর সড়ক মেরামত কাজের ভিত্তি স্থাপন কালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসমাইল হক, শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নর্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান ফরাজী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন খান। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া মোনাজাত করেন সুশ্বের দরবার শরীফের পীর হযরত বেলাল নুরী।
উপমন্ত্রী শামীম বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতারা তথাকথিত রোর্ড মার্চের নামে জনগণের কাছে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। সারাদেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থার মতো আমাদের শরীয়তপুরেও সড়ক যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন দেখে তাদের চোখ, অন্তর, বিবেক ও মস্তিষ্ক দিশেহারা হয়ে পড়েছে। তাই একের পর এক ব্যর্থ আল্টিমেটামের রেশ না কাটতেই তথাকথিত এক দফার জন্য তারা পুনরায় হাস্যকর আল্টিমেটাম দিয়েছে। জনগণ ভুলে যায়নি, তাদের এক দফা, দশ দফা, একত্রিশ দফা চরম ব্যর্থতায় বিলীন হয়েছে।
মন্ত্রী নড়িয়া উপজেলায় ঘড়িষার ইউনিয়নের চরমোহন থেকে নন্দনসার পর্যন্ত ১ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজ ও ৮৬ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যয়ে সুরেশ্বর দরবার শরীফ থেকে জাজিরা-নড়িয়া-সুরেশ্বর সড়ক মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।