‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে শরীয়তপুরে উদ্বোধন হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার দিবস ২০২৩। ২ অক্টোবর সোমবার সকাল ১০টায় কালেক্টরেট পাবলিক হাইস্কুলে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামসুন্নাহার। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিদ সাত্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দিন, কালেক্টরেট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার ও এম এন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মানিক মোল্যা।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২ অক্টোবর থেকে শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে জেলা শিশু একাডেমী শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছেন। দ্বিতীয় দিনে থাকছে দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা, তৃতীয় দিনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, চতুর্থ দিনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে শুধু কন্যা শিশুদের মধ্যে সাধারণ নৃত্য প্রতিযোগিতা ও আমার কথা শোন শীর্ষক আলোচনা সভা। সমাপনী দিনে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। সাথে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।