স্বর্ণিভর শরীয়তপুরের স্বপ্নদ্রষ্টা আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ জোর করে কিংবা বন্দুকের জোরে ক্ষমতায় আসে না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের ভালোবাসায় নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ডামুড্যা পৌর শহরের প্রাণ কেন্দ্রে মরহুম আইন উদ্দিন স্মৃতি গণগ্রন্থাগার এর উদ্বোধন পরবর্তী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আসে না। বন্দুকের জোরে ক্ষমতায় আসে না। জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসে। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন করে। আমি একটি কথা বলতে চাই, দেশ থেকে বিচ্ছিন্ন আমরা কেউ না। দেশে যদি অশান্তি সৃষ্টি হয়, আমরা কেউ শান্তিতে থাকতে পারব না।
তিনি আরো বিরোধী দলের উদ্দেশ্য বলেন, নির্বাচন হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। যদি সংঘাত সৃষ্টি করেন, সংঘাতের দিকে এগিয়ে যান, দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করেন, উন্নয়নের পথে যদি বাধা সৃষ্টি করেন, অগ্রগতির পথে যদি বাধা সৃষ্টি করেন, মানুষের স্বাভাবিক জীবনযাপন যদি অস্বাভাবিক করেন, তাহলে যে হাতে বোমা মারবেন, সে হাত ভেঙে দেওয়া হবে। যে হাতে আগুন দেবেন, সে হাত পুড়িয়ে দেওয়া হবে।
এখন থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর নেতৃত্বে দেশের উন্নয়নের কথা তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইব। আওয়ামী লীগ মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই সমৃদ্ধি। আমাদের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য জাতির পিতার কন্যা মানবতার মা, দেশরত্ন শেখ হাসিনা কে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী বানাতে হবে।
প্রতিষ্ঠানের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, পৌর মেয়র রেজাউল করিম রাজা। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।