শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদি জিল্লু ডামুড্যা উপজেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মাঝি উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত আব্দুল হাদি জিল্লুর হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবিতা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাজিদা খানম লাভলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হাদি জিল্লু আপাদমস্তক এক জন জনসেবক। সিড্যা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান এ বছরে পরিবার পরিকল্পনা দিবসে শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সিড্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারের স্বনামধন্য সন্তান জিল্লু। স্বপ্নের রাজ্য আমেরিকায় গিয়েও মা, মাটি ও মানুষের টানে আবার ফিরে এসে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।