শরীয়তপুর জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ পলিথিন রাখার দায়ে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় জেলা সদরের পালং বাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ করতে অভিযান চালায়। দুই ঘণ্টা ব্যাপি এ অভিযানে ১০০ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ সময় পালং বাজারের তপন সাহার দোকানে অভিযান চালিয়ে ১০০ কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রাশেল নোমান জানান, বেলা ১১টা থেকে জেলা প্রশাসনের সহকারি কমিশনার অভিজিৎ সাহার নেতৃত্বে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে পালং বাজারের তপন সাহার দোকান থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করি।
পরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সাহার ভ্রাম্যমান আদালত দোকান মালিককে ৫ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন।
সহকারি পরিচালক রাশেল নোমান বলেন, শরীয়তপুর পালং বাজারে এর আগেও অনেকবার পলিথিনের ব্যাগের ব্যবহার নিয়ে সাবধান করা হয়েছে। তার সত্ত্বেও আমরা বিভিন্ন অভিযানে পলিথিন উদ্ধার করছি। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে পলিথিন বন্ধের কথা বলা হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি ঠিক থাকে না। আইনী ভাবে নিষিদ্ধ পলিথিন জব্দে অভিযান অব্যাহত থাকবে।