জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে লাগানো হচ্ছে ৫০ হাজার গাছের চারা। বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, গাছশুন্য রাস্তার দুইধারে উপযোগিতা অনুযায়ী জেলার ৬ উপজেলাতেই এই কর্মসূচী বাস্তবায়নের কাজ চলছে।
এরই অংশ হিসেবে সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১১ টায় জেলার গোসাইরহাট উপজেলা পরিষদ চত্বরে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীর হাতে ঔষধী, ফলদ ও বনজ গাছের চারা বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবিরের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন, গোসাইরহাট থানার (ওসি তদন্ত) ওবায়েদুল হক, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শহিদ প্রমুখ।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে জেলায় ৫০ হাজার গাছের চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” সরকারের এই শ্লোগানকে সামনে রেখেই আমরা জেলায় সবুজ বেষ্টনী গড়তে কাজ করে যাচ্ছি। সবুজায়ন কার্যক্রমের সফল বাস্তবায়ন করতে শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি এই শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর সবুজে ঘেরা বাংলাদেশ জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করে ঘুরে দাঁড়াবে।