ইদানিং নির্বিচারে গাছ উজার করে ফেলায় কমেছে বনভূমি। যার ফলে কমছে বৃষ্টিপাত এবং উত্তপ্ত হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। শরীয়তপুরে ৭১’র চেতনা উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কালে সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, এমন পরিস্থিতে পরিবেশ ভারসাম্য রক্ষাকল্পে সকালের উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা। মানবিক সংগঠন ৭১’র চেতনা বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করেছে। এমন মোহতি উদ্যোগে সকলকে এগিয়ে আসা উচিত।
সোমবার বিকালে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার উপরগাও আশ্রয়ণ প্রকল্পে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। স্বেচ্ছাসেবী সংগঠন ৭১-এর চেতনা কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ৭১’র চেতনা শরীয়তপুর জেলা শাখার সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।
এসময় সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম জানায়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপন ও বৃক্ষ চারা বিতরণ কার্যক্রম শুরু করেছি। আপনারা নিজ নিজ বাড়ির আঙ্গিনায় ও বসত বাড়ির আশপাশে একটি করে হলেও ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবেন। সমাজ-জাতি ও দেশ সুরক্ষিত থাকবে।